অন্তর্বর্তী সরকারের বন, জলবায়ু ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গবেষণা হবে মানুষের কল্যাণের জন্য। এটা বিজ্ঞানভিত্তিক যেমন হবে, একইসঙ্গে সামাজিক বিভিন্ন বিষয়েও হবে। গবেষক মানেই শিক্ষক নয়, এদেশে কৃষকরাও গবেষণা করেন। তারা বিভিন্ন প্রজাতির ধরণ বের করেন।

আজ দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবনী মেলা ২০২৫’ উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, গবেষণা খাতকে উন্নত করার জন্য জাতীয় বাজেটের কতটুকু গবেষণাখাতে যায়, কতটুকু যাওয়া উচিত, তা নিয়ে আপনারা আওয়াজ তুলতে পারেন।

উপদেষ্টা আরও বলেন, ‘অধ্যাপক জামাল নজরুল ইসলাম ছিলেন বিশ্বখ্যাত গবেষক। তিনি মরেও অমর হয়ে আছেন। জামাল নজরুল শুধু চট্টগ্রামের নয়, পুরো বিশ্বের গর্ব। তার জ্ঞান এবং গবেষণা কর্ম তাকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখেছে। আমাদেরও এমনকিছু করতে হবে, যেন মৃত্যুর পর আমরা যুগযুগ ধরে বেঁচে থাকতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *