অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তিনি দলের মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, “আজ অনলাইনে এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভা হয়েছে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী, আসিফ মাহমুদকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে। তিনি নির্বাচনে অংশ নেবেন না। বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জিতে আসতে পারেন, সেজন্য তিনি কাজ করবেন। তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।”
আরও পড়ুন: ইনকিলাব মঞ্চের চার দফা ও নতুন কর্মসূচি ঘোষণা
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আমার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আমি মনে করি, এ সময়ে অভ্যুত্থানের শক্তিকে একসঙ্গে রাখা জরুরি। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমি এনসিপিতে যোগ দিয়েছি।”



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































