বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর ঢাকার সঙ্গে স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করে এগিয়ে নিতে মনোযোগ দিচ্ছে পাকিস্তান। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ। এরই অংশ হিসেবে প্রায় ১৫ বছর পর আগামী বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে অংশ নিতে বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন, আর পাকিস্তানের পক্ষে থাকবেন আমনা বালুচ। আমনা বালুচ বুধবার দুপুরের পর ঢাকায় পৌঁছাবেন। বৈঠকের পর তিনি মধ্যাহ্নভোজ শেষে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন প্রথম আলোকে জানান, প্রায় ১৫ বছর পর এই বৈঠকে দুই দেশের মধ্যে সব বিষয় নিয়ে আলোচনা হবে। এতে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, সংযুক্তিসহ বিভিন্ন বিষয়ের পাশাপাশি ঐতিহাসিক অনিষ্পন্ন বিষয়গুলোও আলোচনায় উঠে আসবে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হবে।
ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ প্রথম আলোকে বলেন, ‘প্রায় ১৫ বছর পর পররাষ্ট্রসচিব পর্যায়ের এই বৈঠক আমরা বড় অগ্রগতি হিসেবে দেখছি। এর ধারাবাহিকতায় সম্পর্ক এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।’ তিনি আরও জানান, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর এ মাসের শেষ সপ্তাহে আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। প্রাথমিকভাবে ২২ থেকে ২৪ এপ্রিল সফরের পরিকল্পনা থাকলেও, ওই সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতার সফরে থাকবেন। তাই সফরের নতুন সময় নির্ধারণে আলোচনা চলছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































