মির্জা আব্বাস-newsedge24

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিদেশে বসে বাংলাদেশ ও বিএনপির বদনাম করার অভিযোগ তুলেছেন। শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, ড. ইউনূস জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন। বিদেশে বসে দেশের বদনাম করতে তার একটুও লজ্জা হলো না! তিনি বলেছেন, একটি দল নির্বাচন চায়। আমরা বলতে চাই, একজন ব্যক্তি নির্বাচন চান না, তিনি হলেন ড. ইউনূস।”

এই মন্তব্য করা হয় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর।

মির্জা আব্বাস বলেন, বিএনপি সবসময় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে এসেছে, যা ড. ইউনূস নিজেই প্রথমে প্রস্তাব করেছিলেন। তিনি বলেন, “ডিসেম্বরের কথা ইউনূস সাহেব নিজে বলেছিলেন, আমরা নয়। পরে তিনি জুন মাসে সরে গেলেন। জুনের কথা বললে বাংলাদেশে নির্বাচন কখনো হবে না। নির্বাচন করতে হলে ডিসেম্বরের মধ্যে করতে হবে। নইলে দায়-দায়িত্ব ইউনূস সাহেবের, আমাদের নয়। বাংলাদেশের জনগণ নির্বাচন আদায় করবে, নইলে দেশের অগ্রগতি ঠিক থাকবে না।”

তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, সরকার সংস্কারের নামে বিদেশ থেকে অনেক পরামর্শক এনেছে, যেখানে জিয়াউর রহমান বিদেশি পরামর্শক ছাড়াই বহু সংস্কার করেছিলেন। তিনি বলেন, “বর্তমান সরকার সংস্কারের জন্য বিদেশি লোক আমদানি করেছে। সংস্কার করতে করতে এমন জায়গায় পৌঁছেছে যে তারা এখন নির্বাচন দিতে চায় না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *