তারেক রহমান-newsedge24

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ একটি ভালো পরিবর্তনের প্রত্যাশা করছে। শনিবার (৯ আগস্ট ২০২৫) রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিএনপিপন্থি চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব)-এর কেন্দ্রীয় কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “প্রত্যেকটি মানুষ পরিবর্তন চাচ্ছে। এক বছর আগে ৫ আগস্ট বহু প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে দেশে। আমার কাছে মনে হয়েছে, ৫ তারিখে হঠাৎ করে দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে। এই শ্বাস নেওয়ার পর মানুষ কী চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়।” তিনি জোর দিয়ে বলেন, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে, যা জনগণের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ফল।

আরও পড়ুন: দ্রুত নির্বাচন রাজনৈতিক সংকট উত্তরণের একমাত্র পথ: মির্জা ফখরুল

তিনি উল্লেখ করেন, “জুলাই-আগস্টে দেড় হাজার এবং গত ১৫ বছরে কয়েক হাজার মানুষ গুম ও খুনের শিকার হয়েছে। এই সময়ে কয়েক লক্ষ মানুষ বিভিন্নভাবে আহত হয়েছেন।” তিনি এই কষ্টভোগী মানুষদের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারেক রহমান বলেন, “এই মানুষগুলোর প্রত্যাশা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই, তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *