আগামী মাসে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
শুক্রবার পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী মাসে বাংলাদেশ সফর করবেন।
এক্সপ্রেস ট্রিবিউন বলছে, ২০১২ সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আমন্ত্রণে ফেব্রুয়ারি মাসে তিনি ঢাকা সফর করবেন।
পাকিস্তনের পররাষ্ট্রমন্ত্রী এটাও নিশ্চিত করেন যে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পারস্পরিক সম্মত তারিখে ইসলামাবাদ ভ্রমণের জন্য পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন।
এর আগে ২০১২ সালে সর্বশেষ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন হিনা রব্বানি খার। ডি-৮ শীর্ষ সম্মেলনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে সেসময় ঢাকা সফর করেছিলেন তিনি।
এক্সপ্রেস ট্রিবিউন বলছে, শেখ হাসিনার গত ১৫ বছরের মেয়াদে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন ছিল। আওয়ামী লীগের এই নেত্রী ভারতের সাথে সম্পর্ক স্থাপনের জন্য পাকিস্তানের একাধিক প্রচেষ্টার প্রতিদান দেননি।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































