নারীদের অধিকার আদায়ে পিছপা না হওয়ার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশে এবারের আন্তর্জাতিক নারী দিবস শুরু হয়েছে খারাপ কিছু ঘটনার মধ্য দিয়ে। আর এসব ঘটনার মাধ্যমে সরকারকে খারাপভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে এবং তা বিশ্বাস করার অনেক কারণ রয়েছে। আবার কিছু ক্ষেত্রে সমাজে এখনও নারীদের নিরাপত্তা দেয়া যায়নি।

আজ সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘দেশে এবারের আন্তর্জাতিক নারী দিবস শুরু হয়েছে খারাপ কিছু ঘটনার মধ্য দিয়ে। আর এসব ঘটনার মাধ্যমে সরকারকে খারাপভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে এবং তা বিশ্বাস করার অনেক কারণ রয়েছে।

আবার কিছু ক্ষেত্রে সমাজে এখনও নারীদের নিরাপত্তা দেয়া যায়নি।’

তিনি আরো বলেন, সমাজে কিছু মানুষের পাশবিকতা, হিংস্রতা বর্ণনা বা নিন্দা করার ভাষা আমাদের জানা নাই।

জাতীয় সংসদে নারীদের সরাসরি নির্বাচনের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, কিছু দিনের জন্য নারীদের আসন সংরক্ষণ করা যেতে পারে। এখানে শুধু রাজনৈতিক দল নয় যে কোনো নারী নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে সে ব্যবস্থা করতে হবে। কিন্তু পূর্ববর্তী কোনো সরকার এ ধরনের ব্যবস্থা তৈরি করে যায়নি। যা নারীদের জন্য দুঃখজনক।

নারী-পুরুষের সমতার ক্ষেত্রে কর্ম ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, যে গতিতে কাজ হচ্ছে সে গতিতে চললে আগামী শতাব্দীতে নারী-পুরুষের সমতা হবে। কাজেই এ গতিতে চলা যাবেনা। এ দিবসটি থাকার ফলেই আজকে যেভাবে নারীরা তাদের মৌলিক দাবিগুলো উত্থাপন করতে পেরেছে, তাদের অধিকারের কথা বলতে পারছে।

ফ্যাসিবাদে নারী, পুরুষ নাই-ফ্যাসিবাদ ফ্যাসিবাদই উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ শুধু একজন ব্যক্তির কারণে গড়ে উঠেনি বরং কাঠামোগত কারণে ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছে। আর এভাবেই একজন ব্যক্তি ফ্যাসিবাদের প্রতীক হয়ে উঠেছে, যা খুবই দুঃখজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *