বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে পা রাখবেন। ১৮ বছরের নির্বাসনের পর এই প্রত্যাবর্তন বিএনপির জন্য ঐতিহাসিক মুহূর্ত। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমান ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানাচ্ছি।”
২০০৭ সালে ওয়ান ইলেভেন সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার লন্ডনে যান। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে সব মামলায় তার সাজা বাতিল হয় এবং কিছু মামলায় অব্যাহতি পান।
অন্তর্বর্তী সরকারও তার ফেরায় কোনো বাধা নেই বলে জানিয়েছে। সম্প্রতি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতায় তার ফেরার আলোচনা তীব্র হয়। তারেক রহমান নিজের ফেসবুক পোস্টে লিখেছিলেন, “মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। কিন্তু রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়ামাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার প্রতীক্ষার অবসান ঘটবে।”
আরও পড়ুন: শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন: মির্জা ফখরুল
বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের ফেরা দলের জন্য ‘নতুন অধ্যায়ের শুরু’। নির্বাচনী প্রচারণায় তার নেতৃত্বে দল এগোবে বলে আশা করা হচ্ছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































