পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গত ২০ বছরে দেশের ১১টি জেলার পাহাড়ি এলাকার ৮০১টি স্থানে মোট ১২৩৪ হেক্টর পাহাড় কাটা হয়েছে।
বুধবার বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে দেশের পাহাড় ও টিলাসহ প্রাকৃতিক সম্পদের মানচিত্র প্রণয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা নিয়ে এক সভায় তিনি এই কথা বলেন।
রিজওয়ানা বলেন, ‘সরকার থেকে শুরু করে সব পর্যায়ের লোক পাহাড় কাটছে। এমনকি যার কাছে পাহাড় কাটার অভিযোগ দিতে হবে, তিনি পাহাড় কাটেন।’
উপদেষ্টা বলেন, ‘পাহাড়ের সার্বিক চিত্র উপদেষ্টা পরিষদের বৈঠকে শিগগিরই উপস্থাপন করা হবে। পাহাড় কাটা ঠেকাতে নজরদারি জোরদার করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হবে।’



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































