পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর শনিবার (৭ জুন) বিএনপির শীর্ষ নেতারা দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতারা।
শ্রদ্ধা নিবেদনের পর নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “আমাদের বরাবরই দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন। জনগণের প্রত্যাশাও তাই ছিল। কিন্তু জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি। ঘোষিত সময়, অর্থাৎ ২০২৬ সালের এপ্রিল, বাংলাদেশের নির্বাচনের জন্য উপযুক্ত নয়। এ সময় প্রচণ্ড গরম, ঝড়-বৃষ্টির আশঙ্কা, রোজার মাসের পরপরই এবং পাবলিক পরীক্ষা চলমান থাকে। নির্বাচনী প্রচার রোজার মাসে করা খুবই কঠিন। আমরা মনে করি, ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব এবং তা জাতির জন্য উপযোগী হবে।”
তিনি আরও বলেন, ঘোষিত সময় নির্বাচনের জন্য সুচিন্তিতভাবে নির্ধারিত বলে মনে হয় না। বিএনপি আগামী দিনে এ বিষয়ে তাদের অবস্থান আরও স্পষ্ট করবে বলে জানান তিনি।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































