গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। দুপুর ১টা ১৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে বের করে নেওয়া হয়।
বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে গালফস্ট্রিম জি-১০০ সিরিজের প্রাইভেট জেট (এয়ার অ্যাম্বুলেন্স) ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, সব প্রক্রিয়া শেষ করে নির্ধারিত সময়ে জেটটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবে।
গত রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ারের বিশেষজ্ঞ ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে জরুরি কল কনফারেন্সে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন: ওসমান হাদির ওপর হামলায় জড়িত দুইজন শনাক্ত
গত শুক্রবার দুপুরে বিজয়নগরে রিকশায় করে যাওয়ার সময় দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে। প্রথমে ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর সন্ধ্যায় এভারকেয়ারে স্থানান্তর করা হয়। তিনি এখনো আইসিইউতে চিকিৎসাধীন।
চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হচ্ছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































