বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একাত্তরে একদল মানুষকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ভারতে চলে গেছে, আর একদল স্বাধীনতার বিরোধিতা করেছে। কিন্তু বিএনপি স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সময়ে দেশের মানুষের পাশে ছিল। যে কারণে দেশের মানুষ বারবার বিএনপির ওপর আস্থা রেখেছে। জনগণ বিশ্বাস করে আগামীতে ভালো কিছু করতে হলে বিএনপির নেতৃত্বই হবে।
বুধবার সন্ধ্যায় যশোর শহরের ওরিয়েন হোটেল চত্বরে অনুষ্ঠিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ কর্মশালার দ্বিতীয়ার্ধে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান।
এসময় তিনি আরও বলেন, ‘বিএনপি পজেটিভ পরিবর্তন করতে চায়। এটার জন্য জাদু বা ম্যাজিক নয়, মন মানসিকতা পরিবর্তন ঘটাতে হবে। বিএনপির সব নেতাকর্মীকে এজন্য প্রস্তুত হতে হবে।’
তারেক রহমান আরও বলেন, ‘বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু মানুষের আস্থা ধরে রাখার দায়িত্ব তৃণমূলের নেতাকর্মীদের।’
তিনি বলেন, ‘বিগত ১৬ বছর যে জুলুম নিপীড়ন হয়েছে তার প্রতিশোধ হবে ৩১ দফার বাস্তবায়ন। যে অপশক্তি বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিশোধ সফল হবে।’



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































