আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকৃত সংস্কার প্রস্তাবগুলোর ওপর গণভোট আয়োজনের লক্ষ্যে প্রণীত ‘গণভোট অধ্যাদেশ-২০২৫’-এর খসড়া মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সকাল ১১টা থেকে শুরু হওয়া উপদেষ্টা পরিষদের এই বৈঠকে গণভোট অধ্যাদেশের খসড়া চূড়ান্তভাবে অনুমোদিত হয়। এর আগে গত ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদ গণভোট আইনের নীতিগত অনুমোদন দিয়েছিল।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, কয়েক কার্যদিবসের মধ্যেই এটি অধ্যাদেশ আকারে প্রজ্ঞাপন হিসেবে জারি করা হবে। গণভোটে জনগণের মতামত নেওয়া হবে মূলত নির্বাচনী ব্যবস্থা, সাংবিধানিক সংস্কার, শাসন ব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামো সংক্রান্ত জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান প্রধান সুপারিশের ওপর।
এই গণভোট নির্বাচনের দিন একই সঙ্গে আয়োজন করার সিদ্ধান্তের ফলে ভোটারদের একই দিনে সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি সংস্কার প্রস্তাবগুলোর প্রতি ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেওয়ার সুযোগ থাকবে।
আরও পড়ুন: আসন্ন নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা
মন্ত্রিপরিষদ বিভাগ ও আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অধ্যাদেশ জারির পর নির্বাচন কমিশনকে গণভোটের প্রশ্নপত্র, ব্যালট ও লজিস্টিকস প্রস্তুত করতে নির্দেশনা দেওয়া হবে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































