স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো নাশকতা বা ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।
তিনি আজ রোববার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো নাশকতা বা ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।
তিনি বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গও ঈদের নামাজ পড়তে আসবেন। ঈদগাহ ময়দানের নিরাপত্তায় সর্বোচ্চ সর্তক থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ থেকে পালিয়ে যারা কলকাতায় অবস্থান নিয়েছে, তারা তো ক্রিমিনাল। কলকাতায় অবস্থান করে নাশকতার চেষ্টা করলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনগণের জান-মালের নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় অপরাধীদের তথ্য পেলে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে, সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা।
সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, নাশকতা কিংবা হামলার কোনো শঙ্কা নাই। যাত্রাপথের মতোই মানুষ স্বস্তির সাথে ঈদ পালন করবে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































