চিত্রনায়িকা নুসরাত ফারিয়া-newsedge4

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় অভিযোগ রয়েছে। মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে তিনি আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৮ মে ২০২৫) থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আটকের পর তাঁকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

মামলাটি এনামুল হক নামে এক ব্যক্তি দায়ের করেছেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জন এবং অজ্ঞাতনামা তিন-চারশ’ জনকে আসামি করা হয়েছে। মামলায় দাবি করা হয়, নুসরাত ফারিয়াসহ অভিযুক্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহুরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, মামলার কার্যক্রম আইনি প্রক্রিয়া মেনে চলমান রয়েছে। এ ঘটনায় নুসরাত ফারিয়ার আইনি পদক্ষেপ ও পরবর্তী পরিস্থিতি নিয়ে সবার দৃষ্টি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *