সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, যতদিন না একটা নির্বাচিত সরকার পাই, ততদিন শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কাজ করে যাবে। প্রথমে মনে করেছিলাম আমরা তাড়াতাড়ি এ কাজ শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো। কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। ধৈর্য রাখতে হবে এবং পেশাদারত্বের মাধ্যমে কাজটি শেষ করতে হবে। দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে।
আজ সোমবার দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, বাংলাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য এ কাজ আমাদের করে যেতে হবে।
তিনি আরও বলেন, যতদিন না একটা নির্বাচিত সরকার পাই, ততদিন শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে। দায়িত্ব পালনের সময় উচ্ছৃখল কাজ করা যাবে না, এটা আমাদের নজর রাখতে হবে।
কাজ করতে গিয়ে বলপ্রয়োগ করা যাবে না উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, মাঝে মাঝে কাজ করতে গিয়ে কিছু বলপ্রয়োগ হয়ে যায়। বলপ্রয়োগ করতে গেলেও অত্যন্ত পেশাদারত্বের সঙ্গে যেন হয় এবং যত কম বলপ্রয়োগ করা যায় ততই ভালো।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































