প্রাথমিকের ৮৫ শতাংশ বই বিদ্যালয়ে পৌঁছে গেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা সকল বই পাবে। এরই মধ্যে প্রাথমিকের ৮৫ শতাংশ বই বিদ্যালয়ে পৌঁছে গেছে।

আন্দোলনরত শিক্ষকদের বিষয়টি আদালতে বিচারাধীন জানিয়ে উপদেষ্টা বলেন, আদালত থেকে একটি রায় হয়েছে, যেটিতে উনারা ক্ষুব্ধ। আমরা আপিল করেছি। যেহেতু এটি এখন আদালতে বিচারাধীন তাই প্রশাসনিকভাবে আলাদা কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। সব ধরনের আইনি প্রক্রিয়া মেনে সরকারি শিক্ষক নিয়োগের ফল ঘোষণা করা হয়েছে। আমরা তাদের প্রতি সহানুভূতিশীল।

তিনি বলেন, আমরা ডিসিদের বক্তব্য শুনেছি এবং আমরা কি করছি, কি করতে যাচ্ছি সে বিষয়ে তাদের অবহিত করেছি। জেলা পর্যায়ের কমিটিতে ডিসিরা রয়েছেন। তারা যেন কমিটির বিভিন্ন বিষয় সিরিয়াসলি দেখেন সে বিষয়ে বলা হয়েছে। নির্মাণকাজ যেন ঠিকমতো হয় সে বিষয়ে বলেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *