ওসমান হাদী-osman hadi-newsedge4

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থায় দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। রোববার সকালে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক শেষে চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’ এবং ক্লিনিক্যালি তিনি এখনো অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, “সকালে রিপিট সিটি স্ক্যান করা হয়েছে। এতে মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা), অক্সিজেনের ঘাটতি এবং ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণ পাওয়া গেছে। ব্রেন স্টেম ইনজুরি গুরুতর অবস্থায় রয়েছে। ফুসফুসের অবস্থা আগের মতোই। লাইফ সাপোর্টে শ্বাসপ্রশ্বাস চালু রাখা হয়েছে। ডিসিমিনেটেড ইনট্রাভাসকুলার কোয়াগুলেশন (ডিআইসি) অপরিবর্তিত। তবে কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে—দিনে প্রায় ৪ লিটার ইউরিন আউটপুটের ভিত্তিতে ফ্লুইড ব্যালেন্স করা হচ্ছে।”

বিদেশে চিকিৎসার পরিকল্পনা

চিকিৎসক জানান, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মেডিকেল বোর্ড কেস সামারি প্রস্তুত করেছে। বিদেশের কোনো হাসপাতাল সেই সামারি পর্যালোচনা করে রোগী গ্রহণ করলে তবেই স্থানান্তর বিবেচনা করা হবে। থাইল্যান্ড বা সিঙ্গাপুরের মতো দেশে নেওয়ার কথা ভাবা হচ্ছে, কিন্তু রোগীর শারীরিক স্থিতিশীলতা এখনো বড় প্রশ্ন।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, “ওসমান হাদি এখনো ডিপ কোমায় আগের অবস্থায় আছেন। উন্নতি হয়নি। তবে ইন্টারনাল রেসপন্স আছে। চিকিৎসকরা ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের কথা বলেছেন, সেই সময় সোমবার রাতে শেষ হবে।”

আরও পড়ুন: হাদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

শুক্রবার দুপুরে বিজয়নগরে রিকশায় করে যাওয়ার সময় দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে। প্রথমে ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *