চীনের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার দেশটির স্থানীয় সময় দুপুর ২টায় তিনি যাত্রা শুরু করেন। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে সকাল ১০টায় দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নসে তিনি যোগ দেন।
সম্মেলনে গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ ও গণমাধ্যম অঙ্গনের এক হাজার ৭০০ জনেরও বেশি প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছেন।
আরও পড়ুন: বাণিজ্য সম্প্রসারণসহ ৯টি গুরুত্বপূর্ণ খাতে একমত বাংলাদেশ-মালয়েশিয়া
প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশের সেরা অনুশীলন ও অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতা আরও সমৃদ্ধ হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার চীনের দালিয়ানে পৌঁছান।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































