বই মেলা প্রাঙ্গণ সিসি ক্যামেরা ও ড্রোন দিয়ে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আসন্ন বইমেলা উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত ডিএমপির সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার জানান, সিসি ক্যামেরার মাধ্যমে বইমেলার ভেতরে ও চারপাশে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। নিশ্ছিদ্র নিরাপত্তায় থাকবে ওয়াচ টাওয়ার, ফায়ার টেন্ডার। থাকবে প্রাথমিক চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা।
তিনি আরও জানান, অন্য নিরাপত্তামূলক ব্যবস্থাগুলোর মধ্যে থাকবে অনুষ্ঠানস্থল সুইপিং করা, সাদা পোশাকে বিশেষ টিম মোতায়েন, বিলবোর্ড, ব্যানার ও মাইকিং করে দিক-নির্দেশনা দেয়া ও সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং।
প্রত্যেক দর্শনার্থীকে আর্চওয়ে দিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে হবে উল্লেখ করে শেখ সাজ্জাত আলী বলেন, ‘বড় ব্যাগ, কার্টন, দাহ্য পদার্থ নিয়ে মেলায় কেউ প্রবেশ করতে পারবেন না। প্রতিবারের মতো এবারও মেলায় থাকবে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, হেল্প ডেস্ক ও শিশু পরিচর্যা কেন্দ্র। সার্বক্ষণিক আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে।’



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































