অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরে ফিরে গড়বেন ভবিষ্যৎ প্রজন্ম।
আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার বরাত দিয়ে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি। তিনি বলেন, সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবিকে যৌক্তিক মনে করে, কিন্তু ১৫ বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি এখনও মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া বাড়ানোর সামর্থ্য ফিরে পায়নি। তাই বাস্তবতার নিরীক্ষে ধাপে ধাপে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধাপে ধাপে বাড়িভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত
সুচিস্মিতা তিথি জানান, চলতি বছরের ১ নভেম্বর থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের সাড়ে সাত শতাংশ (৭.৫%) বাড়ানো হবে। একইসঙ্গে, আগামী বছরের (২০২৬) জুলাই মাস থেকে আরও সাড়ে সাত শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এতে মোট ১৫% বৃদ্ধি হবে, যা শিক্ষকদের দাবির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ১৫ শতাংশ করার সিদ্ধান্ত
এই সিদ্ধান্তের পটভূমি হিসেবে তিনি উল্লেখ করেন, গত কয়েকদিন ধারাবাহিকভাবে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিভিন্ন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। তাদের মধ্যে রয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। এই বৈঠকগুলোতে শিক্ষকদের দাবি এবং অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২০% বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন। তারা দাবি করেন যে, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বাড়ায় তাদের আয় অপর্যাপ্ত হয়ে পড়েছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































