প্রধান নির্বাচন কমিশনার-সিইসি-এ এম এম নাসির উদ্দীন-newsedge24

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর। তিনি বলেন, “ইসি নির্বাচনে রেফারির ভূমিকা পালন করবে।”

রোববার (১৫ জুন, ২০২৫) সকালে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, “আমরা রেফারির ভূমিকায় থাকব, রেফারির মতো কাজ করব। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। কিন্তু আমাদের দায়িত্ব হবে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেয়া।” তিনি ইসির শপথ হিসেবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার কথা উল্লেখ করে বলেন, “আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করা, কোনো দলের পক্ষে লেজুড়বৃত্তি না করা এবং আইন ও ন্যায়সংগতভাবে কাজ করা।”

সিইসি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্বনেতাদের বলছেন, আমরা একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। ইসির ওপর আস্থা থাকার কারণেই তিনি এমন ঘোষণা দিচ্ছেন।”

নির্বাচন সংক্রান্ত কাজ এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, “অনেক কাজ আমরা এগিয়ে নিয়েছি। যেসব কাজ বাকি আছে, তা সবাই মিলে সম্পন্ন করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *