রাজধানীতে মেট্রোরেলের সম্পূর্ণ রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল)। গতকাল রোববার ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় এক যুবকের মৃত্যুর পর দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। আজ সোমবার সকাল ১১টা থেকে মেট্রোরেলের পুনরায় চলাচল ফের শুরু হয়েছে।
এর আগে গতকাল রোববার আলাদাভাবে উত্তরা থেকে আগারগাঁও এবং মতিঝিল থেকে শাহবাগ অংশ পর্যন্ত মেট্রোরেল চলাচল চালু করা হয়। গতকাল দুপুর সাড়ে ৩টার দিকে উত্তরা-আগারগাঁও অংশ এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মতিঝিল-শাহবাগ অংশে ট্রেন চলাচল শুরু হয়। তবে, মেট্রোরেল বন্ধ থাকার কারণে নগরবাসী চরম ভোগান্তির শিকার হন। এর ফলে সড়কে গণপরিবহনে যাত্রীদের চাপ বেড়ে যায়, যা নগরীর যানজট পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
আরও পড়ুন: মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা
ডিএমটিসিএল জানিয়েছে, প্রয়োজনীয় মেরামত ও নিরাপত্তা পরীক্ষার পর সম্পূর্ণ রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়েছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































