যমুনায়-বৈঠক-newsedge24

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং নির্বাচনী প্রক্রিয়ার বিস্তারিত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। যমুনায় বৈঠকে উপস্থিত ছিলেন—স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার হোসেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান, কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

বৈঠকটি সংবিধানগত সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা এবং প্রস্তুতির বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। প্রধান উপদেষ্টা ইউনূস জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা ১৬ বছর পর সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হিসেবে চিহ্নিত হবে।

আরও পড়ুন: নির্বাচনের আগে লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তবে বৈঠকে আলোচিত বিষয়বস্তু বা কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তের তথ্য প্রেস উইং জানায়নি। সূত্র জানায়, নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা নিশ্চিতকরণের উপর জোর দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *