বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যানুপাতিক হারে নির্বাচনের নামে দেশে ‘জগাখিচুড়ি’ ঘটনা চলছে। শনিবার (২৬ জুলাই, ২০২৫) জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে ‘ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “কিছু লোক ও রাজনৈতিক দল বাংলাদেশের সঙ্গে সম্পর্কহীন বিষয় নিয়ে কথা বলছে। তারা জোর দিয়ে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের কথা বলছে। সাধারণ মানুষ এই পদ্ধতি বোঝে না। তারা জানে, পার্টি একজন প্রার্থী দেবে, ভোটের দিন তারা ভোট দেবে। কিন্তু এখন বলা হচ্ছে আনুপাতিক হারে নির্বাচন হবে। এটা কী, সাধারণ মানুষ বুঝবে না।” তিনি আরও বলেন, “এই পদ্ধতিতে ভোট হলে দলগুলো তাদের মনোনীত প্রার্থী পার্লামেন্টে পাঠাবে। কিন্তু জনগণ তাদের এলাকার প্রতিনিধি চায়, যিনি তাদের কাজ করবেন। এই পদ্ধতিতে তা সম্ভব নয়। তাই আমরা নিম্ন কক্ষের পার্লামেন্টে আনুপাতিক নির্বাচনের কথা চিন্তা করি না।”
আরও পড়ুন: বিচারপতি খায়রুল হক রাজনৈতিক সংকটের জন্য দায়ী: মির্জা ফখরুল
তিনি জানান, নির্বাচন ছাড়া প্রতিনিধি নির্বাচন সম্ভব নয়, আর প্রতিনিধি ছাড়া পার্লামেন্টে জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে না। তিনি বলেন, “কয়েকজনকে দেশ-বিদেশ থেকে এনে দেশ চালানো যায় না। এই সহজ কথা আমাদের উপলব্ধি করতে হবে।”
অনুষ্ঠানে জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুস অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি। পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অধ্যাপক এমতাজ হোসেন, অধ্যাপক মজিবুর রহমান হাওলাদার, আবদুল্লাহ হিল মাসুদ, খন্দকার শফিকুল হাসান, আলী নূর রহমান, এম জাহীর আলী, মনোয়ার হোসেন এনাম ও রুহুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































