আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি মঙ্গলবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় কারাগারে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাছে পাঠানো হবে।
সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দুটি অভিযোগে শেখ হাসিনাকে এবং একটি অভিযোগে আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মামলায় পাঁচটি অভিযোগ ছিল:
- উসকানিমূলক বক্তব্য
- মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ
- রংপুরে ছাত্র আবু সাঈদ হত্যা
- চানখাঁরপুলে ছয়জনের হত্যা
- আশুলিয়ায় লাশ পোড়ানো
৮৪ সাক্ষীর মধ্যে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ৩ আগস্ট এবং শেষ হয় ৮ অক্টোবর। যুক্তিতর্ক শেষে ২৩ অক্টোবর রায়ের জন্য ১৭ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম মামলাই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। ১৭ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আরও পড়ুন: ফ্যাসিস্টদের একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে: সালাহউদ্দিন
রায়ের কপি পাঠানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হবে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল বর্তমানে ভারতে রয়েছেন।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































