প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে দক্ষ, সুশিক্ষিত এবং সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার (১০ জুলাই ) বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান।
এ বছরের প্রতিপাদ্য ‘এম্পাওয়ারিং ইয়াং পিপল টু ক্রিয়েট দ্য ফ্যামিলিজ দে ওয়ান্ট ইন এ ফেয়ার এন্ড হোপফুল ওয়ার্ল্ড’কে অত্যন্ত সময়োপযোগী উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ কিশোর-কিশোরী ও তরুণ। তাদের শিক্ষা, স্বাস্থ্য, জীবনমান এবং ক্ষমতায়ন দেশের আর্থসামাজিক উন্নয়নের মূল চালিকাশক্তি। তিনি জোর দিয়ে বলেন, শুধু স্বাধীনভাবে জীবনযাপন বা পরিবার পরিকল্পনায় সিদ্ধান্ত গ্রহণ নয়, টেকসই উন্নয়ন, উন্নত জীবন ব্যবস্থা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে ন্যায্যতা ও নৈতিকতার ধারাবাহিকতা বজায় রাখা অপরিহার্য।
আরও পড়ুন: দেশ গঠনের যাত্রায় কোনো আপস করা হবে না: নাহিদ ইসলাম
প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় গঠিত অন্তর্বর্তীকালীন সরকার একটি বৈষম্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, ছেলে-মেয়ের মধ্যে কোনো বৈষম্য না করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এই লক্ষ্যের পূর্বশর্ত। সরকার পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্যসেবা কর্মসূচির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে কাজ করছে।
প্রফেসর ইউনূস উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি সংগঠন, গণমাধ্যম এবং সুশীল সমাজকে এই কর্মযজ্ঞে সরকারের পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, “আসুন, সকলে মিলে বাংলাদেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিই।” তিনি বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
তথ্যসুত্র: বাসস



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































