আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের দপ্তর।
দপ্তর থেকে বলা হয়েছে, হাদীর অবস্থা আশঙ্কাজনক। গুলিটি তার মাথার ভেতরে রয়েছে এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
দুপুরে জুমার নামাজের পর পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। দুই-তিনজন আক্রমণকারী মোটরসাইকেলে এসে কাছ থেকে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। হাদীকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক বলেন, “দুপুর আড়াইটার পর তাকে হাসপাতালে আনা হয়। বাম কানের নিচে গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক।” ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, “বিজয়নগরের পানির ট্যাঙ্ক এলাকায় হামলা হয়েছে। আমাদের টিম তদন্ত করছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।”
আরও পড়ুন: ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
গত নভেম্বরে হাদী ফেসবুকে জানান, ৩০টি নম্বর থেকে হত্যা, বাড়িতে আগুন, পরিবারকে ধর্ষণের হুমকি পেয়েছেন। ১৪ নভেম্বরের পোস্টে তিনি স্ক্রিনশট শেয়ার করেন।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































