বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি পুরোদমে চলছে। দেশে এসে কোথায় উঠবেন এবং কোথায় অফিস করবেন, তা প্রায় চূড়ান্ত হয়েছে। কৌশলগত কারণে ফেরার সুনির্দিষ্ট দিন-তারিখ প্রকাশ করা হচ্ছে না, তবে একাধিক সূত্র ইঙ্গিত দিচ্ছে যে, বিজয় দিবসকে কেন্দ্র করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফেরার সম্ভাবনা রয়েছে।
দলীয়ভাবে বিএনপি তারেক রহমানের ফেরা নিয়ে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। তার নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছে দলের একটি প্রতিনিধিদল। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির দু’জন শীর্ষ নেতা জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা। তারেক রহমান তফসিল ঘোষণার আগে বা পরপরই ফিরতে পারেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই জানেন, তিনি কবে দেশে ফিরবেন। তবে তার দেশে ফেরার বিষয়ে আমরা সবসময়ই প্রস্তুত রয়েছি।”
দেশে ফিরে তারেক রহমান গুলশান-২ এভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন বলে জানা গেছে। সূত্র বলছে, বাড়িটি উপযোগী করে তোলা হচ্ছে। সাজসজ্জা করা হয়েছে এবং সিসিটিভি লাগানো হয়েছে। নিরাপত্তায় সিএসএফ রয়েছে। এছাড়া ধানমণ্ডির ৫ নম্বর সড়কের ‘মাহবুব ভবন’-এ উঠার সম্ভাবনাও রয়েছে। এটি তার শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন।
আরও পড়ুন: গণতন্ত্রের চর্চায় অবাধ নির্বাচন নিশ্চিত করতে হবে: তারেক রহমান
তারেক রহমানের ফেরায় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হবে বলে মনে করা হচ্ছে। তাই ফেরার আয়োজন নিয়েও প্রস্তুতি চলছে। ওই দিন বড় জনসমাগম হবে কি না, তা তারেক রহমানের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
তারেক রহমান লন্ডনে ১৭ বছরের নির্বাসনজীবন কাটিয়েছেন। ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে সব মামলা বাতিল হয়েছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































