স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবসরপ্রাপ্ত) বলেছেন, ঈদ ফিতরের সময় আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর টহল ও তল্লাশি আরও বাড়ানো হবে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে গ্রেফতারসহ অভিযান চলবে।

মঙ্গলবার ঈদযাত্রা নিরাপদসহ সার্বিক বিষয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবসরপ্রাপ্ত) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি, দখলবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। বিশেষ বিশেষ রাস্তায় চেকপোস্ট স্থাপন করা হবে।’

বড় অঙ্কের টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরে পুলিশের সহায়তা নেয়ার পরামর্শও দেন তিনি।

নারী শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স বলে আবারও মনে করিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত নারী নির্যাতন ও ধর্ষণের যত ঘটনা ঘটেছে, তা রিপোর্ট আকারে আদালতে উপস্থাপনের জন্য নির্দেশ দেয়া হয়েছে। এক্ষেত্রে আসামিদের শাস্তি নিশ্চিত করা হবে।’

ঈদের আগে শ্রমিকদের পাওনা বেতন ভাতা দিতে মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বলেন, ‘এটা তাদের বকেয়া। যেটা বাস্তব সম্মত সেগুলো পরিশোধ করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *