বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আইনানুগ ও সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধান পরিবর্তনের কোনো অধিকার কারো নেই। শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে গণতান্ত্রিক উত্তরণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “যেকোনো আইনানুগ ও সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া সংবিধান পরিবর্তন করা হলে ভবিষ্যতে এমন নজির সৃষ্টি হবে, যা দুই বা পাঁচ বছর পরে বারবার বিভিন্ন দাবির মুখে পড়বে। এইভাবে সংবিধান পরিবর্তনের প্রক্রিয়া চলতে থাকবে।” তিনি সতর্ক করে বলেন, “রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়। ১৮ কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারি না। রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে হবে। কোনো রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে আমরা মাথা নত করতে পারি না।”
আরও পড়ুন: শেখ হাসিনা দেশকে বাপের সম্পত্তি মনে করতেন: রিজভী
তিনি জোর দিয়ে বলেন, “জনগণের স্বার্থ ও অভিপ্রায় চূড়ান্ত। এই দেশের সার্বভৌম জনগণই সিদ্ধান্তের মালিক। আমাদের তাদের কাছে যেতে হবে।” তিনি গণতান্ত্রিক উত্তরণের জন্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন এবং জাতীয় ঐক্যমত গঠনের আহ্বান জানান।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































