জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘একটি সরকার যেমন চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়।’
রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে— জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ এবং অনিবার্য ভাবুন। দেশের যেকোনো স্থানে যেকোনো সময় জনপ্রশাসনের যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন।”
তিনি আরও বলেন, “জনপ্রশাসনের যেকোনো স্তরের কর্মকর্তারা যদি রাষ্ট্রের প্রয়োজনে যেকোনো সময় যেকোনো পদে দেশের স্বার্থে কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন, তাহলে জনপ্রশাসনে পেশাদারিত্ব গড়ে ওঠার ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকা রাখবে।”
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, পদোন্নতি বা পছন্দের পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সাময়িক লাভ হলেও তা জনপ্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
জেলা প্রশাসক সম্মেলন সম্পর্কে তিনি বলেন, “এটি নতুন কিছু নয়, এটি জেলা প্রশাসকদের নিয়মিত বাৎসরিক সম্মেলন। আজ থেকে শুরু হয়ে ৬ মে পর্যন্ত চলবে। বর্তমান গণতান্ত্রিক সরকারের সঙ্গে আপনাদের এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক।”





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































