আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন। নির্বাচন কমিশন (ইসি) বিটিভিকে এই ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। আজ মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিটিভি মহাপরিচালককে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে।
ইসি নির্দেশনা অনুযায়ী:
- বাংলাদেশ টেলিভিশনে দলীয় প্রধানের নির্বাচনী প্রচারের জন্য স্লট বরাদ্দ করতে হবে।
- জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬-এর উপবিধি (গ)-এর অনুসরণে লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে।
- বিটিভি কর্তৃক প্রতি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট বরাদ্দ এবং স্লটের মেয়াদ নির্ধারণ করতে হবে।
- প্রচারণা রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সাথে আলোচনা করে বিটিভি নিষ্পত্তি করবে।
- যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে তাদের আবেদনের সময়ের ক্রমানুসারে বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে।
যেহেতু বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল থেকে আবেদন পাওয়া যায়নি, তাই বিএনপির দলীয় প্রধানকে তাদের চাহিত ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে কমিশন।
আরও পড়ুন: বিএনপি ছাড়া অভিজ্ঞতাসম্পন্ন কোনো দল নেই: তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি দল ভোটে প্রার্থী দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির ভোটে তারা ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালাতে পারবে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































