জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলে এতে সই করবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। শনিবার (২৫ অক্টোবর, ২০২৫) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, “বাস্তবায়নের জায়গাটা সুনিশ্চিত হলে জুলাই সনদে স্বাক্ষর করার ব্যাপারে আগ্রহ রয়েছে।”
বৈঠকটি সকাল সাড়ে ১০টায় শুরু হয়। আখতার হোসেন বলেন, “জুলাই সনদ স্বাক্ষরের বিষয় একটা আনুষ্ঠানিকতা। যে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাস্তবায়নের জায়গাটি সুনিশ্চিত করা সম্ভব নয়।” তিনি জানান, কমিশন জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি আদেশ প্রস্তুত করছে, যা তিনি অগ্রগতি হিসেবে দেখছেন। তবে, আদেশের বিষয়বস্তু এখনও প্রকাশ না করায় এনসিপি পুরোপুরি আশাবাদী হতে পারেনি। তিনি বলেন, “কমিশনের আন্তরিকতাকে আমরা সাধুবাদ জানাই।”
আরপিও সংশোধনী নিয়ে বিএনপির আপত্তির প্রসঙ্গে আখতার হোসেন বলেন, “আরপিও সংশোধনীগুলোকে আমরা ইতিবাচক হিসেবে দেখি। তবে বিএনপি তাদের পূর্ববর্তী অবস্থান থেকে সরে এসে সংশোধনী বাতিলের জন্য আইন মন্ত্রণালয়ের কাছে আবেদন করবে বলে জানিয়েছে। কিন্তু আইন উপদেষ্টা এই প্রক্রিয়ার অংশ নন।” তিনি আরও বলেন, “আইন উপদেষ্টার কাছে আবেদন করে সংশোধনী আটকে দেওয়ার মানসিকতা কিছু দলের ব্যক্তিগত সম্পর্কের ওপর নির্ভর করে, যা আমরা যথোপযুক্ত মনে করি না।”
বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য) মনির হায়দার।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































