আইনশৃঙ্খলা এবং দুর্নীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে-তারেক রহমান-newsedge4

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী সরকার গঠিত হলে আইনশৃঙ্খলা নিশ্চিত করা এবং দুর্নীতি নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। এ দুটি বিষয় ঠিক করতে পারলে অনেক সমস্যা নিজে থেকেই সমাধান হয়ে আসবে। রোববার চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। দুপুর ১২টা ২৫ মিনিটে মঞ্চে ওঠেন তারেক রহমান। হাত নেড়ে হাজারো নেতাকর্মীকে শুভেচ্ছা জানান।

তারেক রহমান বলেন, “আজ আমরা সবাই একত্রিত হয়েছি একটা লক্ষ্য সামনে রেখে। অর্থাৎ, একটি পরিবর্তন সামনে রেখে আমরা একত্রিত হয়েছি।”

তিনি বলেন, “এই সেই চট্টগ্রাম, এই সেই পুণ্যভূমি, যেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। এই চট্টগ্রামের সঙ্গে আমি ও আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে। এই সেই চট্টগ্রাম, যেখানে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল।”

আইনশৃঙ্খলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান

তারেক রহমান বলেন, “অপরাধীর পরিচয় সে আইনের দৃষ্টিতে অপরাধী এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কাজেই দুর্নীতি যেই করুক, দুর্নীতি যারাই করুক—তাদের বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে। আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি, সেইসব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলোকে বাধাগ্রস্ত করেন তাদেরকে কোনো ছাড় আমরা দেব না।”

তিনি আরও বলেন, “বিএনপি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেগুলো সরকারে গেলে ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করব। কিন্তু তার আগে আপনাদের একটা দায়িত্ব আছে—যেই উদ্যোগগুলো আমরা গ্রহণ করেছি, যেই প্রতিশ্রুতিগুলো বা যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে অবশ্যই বিএনপিকে সরকার গঠন করতে হবে। আপনারা যদি বিএনপির পাশে থাকেন, আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, ১২ তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন, তাহলেই একমাত্র আমরা এই পরিবর্তনগুলো করতে পারব।”

আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি

তারেক রহমান বলেন, “এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদেরকে দুটো বিষয় খুব কড়াকড়িভাবে নজর দিতে হবে। কারণ এই দুটো বিষয় বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে তাদের প্রাপ্য অধিকার থেকে বিগত দিনগুলোতে বঞ্চিত করেছে। বিগত সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন আপনারা দেখেছেন যেই হোক না কেন এমনকি আমাদের দলের অনেক লোক যারা কোনো অনৈতিক কাজে নিজেকে জড়িত করেছে আমরা তাদেরকেও ছাড় দেইনি। আজ এই দেশের জনগণ এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে ইনশাআল্লাহ আগামী দিন আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইনশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। যাতে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে।”

আরও পড়ুন: চট্টগ্রামে তরুণদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

এর আগে দুপুরে র‌্যাডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি তরুণদের সঙ্গে কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *