নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে। সম্প্রতি ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত নির্দেশনা সকল পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।
ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালন) মো. সাইফুল ইসলাম জানান, এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ভোটার হওয়ার জন্য আবেদন ফরমে উল্লেখিত তথ্যকে আদর্শ হিসেবে বিবেচনা করা হবে।
তিনি আরও জানান, চলতি বছর ক্রাশ প্রোগ্রামের আওতায় প্রায় ৯ লাখ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে ইসি। তবে এখনো প্রায় ৩ লাখ আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন: ৫০ লাখ প্রবাসী ভোটার নিবন্ধনের উদ্যোগ নির্বাচন কমিশনের
সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার ১২৩০ জন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































