বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

সোমবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন

ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া। কাতার আমিরের পাঠানো অ্যাম্বুলেন্সে দোহা হয়ে লন্ডন যাবেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, বেগম খালেদা জিয়াকে বহন করতে ঢাকায় আসছে কাতার এয়ার ওয়েজের একটি অ্যাম্বুলেন্স। দুপুর আড়াইটায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে অ্যাম্বুলেন্সটির। এয়ার অ্যাম্বুলেন্সটির ফ্লাইট নম্বর (টাইপ: এ-৩১৯, রেজি: এ৭-এমইডি অর এসইউবি, ফ্লাইট নম্বর: এ৭-এমইডি)।

এদিকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে গুলশানের বাসা থেকে বের হবেন খালেদা জিয়া। এরপর ৯টায় বিমানবন্দরে ইমিগ্রেশন বিষয়ক কার্যাদি সম্পন্ন করে ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যের উদ্দেশে রওয়ানা হবেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিএনপির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

৭৯ বছর বয়সি খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। অনেক আগেই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *