চলতি বছরে বাংলাদেশ থেকে ৬ হাজার দক্ষ ড্রাইভার নিয়োগ করবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এর অংশ হিসেবে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক নিয়োগের ইন্টারভিউ শুরু হবে।
রোববার রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানানো হয়।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী দুবাইয়ে যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতা প্রদানের ব্যবস্থা করতে কোম্পানিকে আহ্বান জানান। একইসঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগের অনুরোধ করেন।
দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও পরিশ্রমের কারণে তাদের অগ্রাধিকার দেওয়া হয় বলে জানান তারা।
প্রতিনিধিরা আরও জানান, আগামীকাল থেকে শুরু হওয়া ইন্টারভিউয়ের মাধ্যমে প্রথম পর্যায়ে ১ হাজার ৫০০ চালক যাচাই-বাছাই করা হবে। চলতি বছর মোট ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগে তারা আগ্রহী।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, দুবাই যেতে একজন বাংলাদেশি চালকের অনেক অর্থ ব্যয় হয়। অধিকাংশ কর্মী দরিদ্র হওয়ায় ঋণ নিয়ে যেতে হয়। তাই অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আল আনাস ওভারসিজের প্রতিনিধিরা জানান, ড্রাইভারের পাশাপাশি ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক নিয়োগেও তারা আগ্রহী।
সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদসহ উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































