আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে আয়োজন করতে সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) কোর্স-২০২৫ গ্র্যাজুয়েশন সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক কর্মকর্তার হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় জুলাই গণ-অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। তাদের সেই ভূমিকার জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
ড. ইউনূস আশা ব্যক্ত করেন, কোর্স সম্পন্নকারী অফিসাররা অর্জিত জ্ঞান ভবিষ্যতে ব্যক্তিগত, পেশাগত ও জাতীয় সংকটময় মুহূর্তে কার্যকর ভূমিকা রাখবে।
তিনি বলেন, “দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নির্বাচনকে সত্যিকার অর্থে শান্তিপূর্ণ উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে কামনা করছি।”
আরও পড়ুন: সংসদ নির্বাচনে ১ লাখ সেনা সদস্য মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
এ ছাড়া চীন, ভারত, পাকিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সামরিক কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































