জামায়াত আমির-প্রধানমন্ত্রী-তারেক রহমান-newsedge24

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার ফোন কলে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার খোঁজ নিয়েছেন। গতকাল মঙ্গলবার একটি অনুষ্ঠানে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির।

আজ সকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার দাওয়াতপত্র নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ডা. শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে কুশল জিজ্ঞেস করেন এবং ফোনে আলাপ করার আগ্রহ প্রকাশ করেন। সঙ্গে সঙ্গেই তিনি মিয়া গোলাম পারওয়ারের টেলিফোনে আমিরে জামায়াতের সঙ্গে কুশল বিনিময় করেন। পরস্পর সালাম বিনিময় হয়।

মিয়া গোলাম পারওয়ার সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে দাওয়াত গ্রহণ করেছেন এবং ইফতার মাহফিলে উপস্থিত থাকার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, গণতান্ত্রিক ধারা সমন্বিত রাখতে বিরোধী দল হিসেবে জামায়াত যথাযথ ভূমিকা রাখতে চায়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত দিল জামায়াতে ইসলামী

জামায়াতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতারের দাওয়াত দেওয়া হয়েছে। আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। আমিরে জামায়াত তার স্ত্রী ও কন্যাসহ প্রধানমন্ত্রীকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। উভয়কেই দাওয়াতপত্র দেওয়া হয়েছে।

গতকাল রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার কথা ছিল শফিকুর রহমানের। তবে যাত্রাপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *