রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার জনস্বার্থে এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটির শুনানি হবে বলে জানানো হয়েছে।
রিটে হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পাশাপাশি ১৯৮২ সালের মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্সকেও চ্যালেঞ্জ করা হয়েছে। আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, এই অধ্যাদেশ সামরিক ফরমানের মাধ্যমে প্রণীত এবং সুপ্রিম কোর্ট ইতোমধ্যে এটি বাতিল ঘোষণা করেছেন। এ আইনে হাসপাতালের লাইসেন্স বাতিলের বিধানও নেই।
তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী কারণ হাসপাতালটি থেকে অনেক মানুষ চিকিৎসাসেবা নেন।
আরও পড়ুন: আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
গত ২৭ মে ঈদের আগের দিন হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া যায়। গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালের লাইসেন্স বাতিল করে। হাসপাতাল কর্তৃপক্ষকে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ দেওয়া হয়।






























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































