নাঈম হাসান-newsedge24

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসান চট্টগ্রামে গভীর রাতে পুলিশি হয়রানি ও শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ে তাকে আটক করে গলা চেপে ধরা ও মারধর করা হয় বলে দাবি করেছেন তিনি।

ঘটনার পর খুলশী থানায় নিয়ে যাওয়া হলে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই)সহ তিনজনকে খুলশী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার রাতের এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এ ধরনের আচরণ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন:

পুলিশের হাতে শারীরিক নির্যাতনের শিকার ক্রিকেটার নাঈম হাসান

নাঈম হাসান জানান, ঢাকা থেকে আসা তার ফ্লাইট বিলম্বিত হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সিএনজি অটোরিকশায় বাসায় ফিরছিলেন। লালখান বাজার ফ্লাইওভারের নিচে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার গাড়ি থামিয়ে নামতে বলেন।

তার অভিযোগ, নিজেদের পরিচয় না দিয়ে তারা তাকে জোরপূর্বক অন্য একটি সিএনজিতে তোলার চেষ্টা করে। এ সময় তার গলা চেপে ধরা হয় এবং শারীরিকভাবে হেনস্তা করা হয়। পরে জানতে পারেন, ঘটনাস্থলে দুইজন পুলিশ সদস্য এবং সাদা পোশাকের আরেক ব্যক্তি ছিলেন। সাদা পোশাকের ওই ব্যক্তিও তাকে মারধর করেন বলে দাবি করেন নাঈম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *