বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রেসিডেন্ট তাবিথ আউয়াল। ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক চাপের ফল’ বলে অভিহিত করেছেন এবং খেলাধুলাকে রাজনীতিকরণ না করার আহ্বান জানিয়েছেন।
তাবিথ আউয়াল লেখেন: “কলকাতা নাইট রাইডার্স তাদের দলের জন্য মোস্তাফিজুর রহমানকে নির্বাচন করা সত্ত্বেও, কেবল রাজনৈতিক চাপের কারণে তাকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেওয়া হয়েছে জেনে আমি অত্যন্ত হতাশ।
মোস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট যিনি নিজের দক্ষতা ও পারফরম্যান্স দিয়ে সেখানে জায়গা করে নিয়েছিলেন। শুধুমাত্র তার জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা একজন খেলোয়াড়ের প্রতি অবিচার এবং অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ, যা ক্রিকেটের মতো জেন্টলম্যানস গেমে মোটেও কাম্য নয়।
আমি ভারতীয় কর্তৃপক্ষ এবং বিসিসিআই-এর প্রতি আহ্বান জানাই, খেলাধুলাকে রাজনীতিকরণ করা বন্ধ করুন। খেলাধুলার অসীম শক্তি আছে বিভেদ ভুলে মানুষকে এক করার। একে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, আসুন একে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করি।
শক্ত থাকো মোস্তাফিজ। পুরো জাতি আজ তোমার পাশে আছে।”
এর আগে মিনি নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ভারত-বিরোধী আবহের কারণে বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছাড়তে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এই ঘটনায় ক্রিকেট মহলে বিতর্ক চলছে এবং অনেকে খেলাধুলায় রাজনীতির প্রভাবের সমালোচনা করেছেন।























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































