আইপিএলে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সৃষ্ট উত্তেজনার মধ্যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্বে ভারতের মাটিতে বাংলাদেশের চারটি ম্যাচ থাকলেও সেখানে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার দুপুরে অনুষ্ঠিত জরুরি বৈঠকে বিসিবির ১৭ জন বোর্ড পরিচালক সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী, ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচেই অংশ নেবে না বাংলাদেশ। এই সিদ্ধান্তের কথা জানিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

বিসিবি প্রথমে আইসিসিকে তিনটি আলাদা বিষয়ে অবহিত করার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত একটি স্পষ্ট দাবি জানিয়েছে—বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো যেন ভারতের বাইরে আয়োজন করা হয়।

ই-মেইলে বিসিবি জানিয়েছে, “নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়।” এ কারণে ভেন্যু পরিবর্তনেরও আবেদন করা হয়েছে।

এই সিদ্ধান্তের পেছনে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট নিরাপত্তা ও ন্যায়সংগততার প্রশ্নকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি ঘিরে দেশের ক্রীড়াঙ্গনসহ আন্তর্জাতিক ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজক শ্রীলঙ্কা। এর আগে পাকিস্তানের সঙ্গে বিরোধের জেরে তাদের সব ম্যাচ লঙ্কান ভেন্যুতে নির্ধারিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *