বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি ও ফাইফারের দুর্দান্ত নৈপুণ্যে তিনি ক্যারিয়ার সেরা ৩২৭ রেটিং পয়েন্ট অর্জন করেছেন। তার সামনে এখন শুধু ভারতের রবীন্দ্র জাদেজা (৪০০ পয়েন্ট)।
আজ বুধবার প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে মিরাজ তৃতীয় থেকে এক ধাপ এগিয়েছেন, পেছনে ফেলে দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেনকে (২৯৪)। তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (২৭১) এবং বাংলাদেশের সাকিব আল হাসান (২৫৩)।
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে হারলেও মিরাজ দুই ইনিংসে ফাইফার নিয়ে দলের হয়ে উজ্জ্বল ছিলেন। পরে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুণ্যে দলকে জয় এনে দেন। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে ১০৪ রানের দুর্দান্ত ইনিংসে দলকে লিড এনে দেন এবং বল হাতে ৩২ রানে ৫ উইকেট তুলে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। এই ম্যাচে সেঞ্চুরি ও ফাইফারের কীর্তি গড়ে তিনি সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই তালিকায় নাম লেখান।
ব্যাটিং র্যাঙ্কিংয়েও মিরাজ ক্যারিয়ার সেরা অবস্থানে। ৮ ধাপ এগিয়ে তিনি এখন ৫৫তম স্থানে। এ ছাড়া, চট্টগ্রাম টেস্টে ১২০ রানের ইনিংস খেলা সাদমান ইসলাম ১৭ ধাপ এগিয়ে ৬০তম, মুমিনুল হক এক ধাপ এগিয়ে ৪৭তম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এক ধাপ এগিয়ে ৫২তম স্থানে রয়েছেন।
বোলিং র্যাঙ্কিংয়ে মিরাজ দুই ধাপ এগিয়ে ২৪তম স্থানে। তাইজুল ইসলাম চট্টগ্রামে দুই ইনিংসে ৬ ও ৩ উইকেট নিয়ে ৭ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন, যিনি বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে। নাঈম হাসান ৩ উইকেট নিয়ে ৬ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে রয়েছেন।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে ইংল্যান্ডের জো রুট এবং বোলিংয়ে ভারতের জসপ্রিত বুমরাহ অপরিবর্তিত রয়েছেন।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































