বগুড়ার শহীদ টিটু মিলনায়তন চত্বরে (পৌর পার্ক) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠকসহ চার নেতা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বৃহস্পতিবার সকালে জানান, বুধবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতা হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে জুনায়েদ হোসেন (২১) ছুরিকাহত হয়েছেন, বাকি তিনজনের সামান্য জখম হয়েছে। আহতদের অবস্থা গুরুতর নয় বলে তিনি নিশ্চিত করেন। চিকিৎসাধীন নেতারা হলেন জেলা কমিটির সংগঠক জুনায়েদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসান (২৩), সংগঠক তাহমিদ হোসেন (২৪) এবং সদস্য তাওহীদ হোসেন (২০)। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে সমাবেশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ, যারা জেলা কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসানের অনুসারী বলে পরিচিত, এনসিপি নেতা সারজিস আলম ও সাকিব মাহদীর বিরুদ্ধে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেয়। এতে সারজিসের সমর্থকরা তাঁদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে তুমুল মারামারিতে রূপ নেয়। বৈষম্যবিরোধীদের দাবি, এতে একজন ছুরিকাহতসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনউদ্দিন জানান, ১০-১৫ জনের একটি দল সমাবেশে স্লোগান দিয়ে প্রবেশ করলে সামান্য হাতাহাতি হয়। তাঁদের বের করে দেওয়া হলে রাস্তায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তবে, এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, সমাবেশের আয়োজন ও বক্তৃতার সুযোগ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ এই সংঘর্ষের কারণ।








































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































