রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের আয়োজিত মানববন্ধনে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। পরে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এই হামলার প্রতিবাদে লাঠিসোঁটা হাতে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার বেলা সোয়া ১১টার দিকে কারওয়ান বাজার কিচেন মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
ব্যবসায়ীরা জানান, ৫ আগস্টের পর থেকে যুবদলের বহিষ্কৃত নেতা আব্দুর রহমান কারওয়ান বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদা আদায় করছেন। এই চাঁদাবাজির প্রতিবাদে তারা শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেন। কিন্তু মানববন্ধন চলাকালে আব্দুর রহমানের লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়।
হামলার পর ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের ধাওয়া দেন। হামলাকারীরা পালিয়ে গেলে ব্যবসায়ীরা কিচেন মার্কেটের সামনে লাঠিসোঁটা হাতে বিক্ষোভ করেন। এ সময় এলাকায় বেশ কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করে।
ব্যবসায়ীরা দাবি করেন, পুলিশের সামনেই তাদের ওপর হামলা চালানো হয়েছে। তারা আব্দুর রহমানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে দোকান বন্ধ করে রাস্তায় নেমে আসার হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভ মিছিল করেন।
আরও পড়ুন: ইনকিলাব মঞ্চের চার দফা ও নতুন কর্মসূচি ঘোষণা
তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন্স) আব্দুল হান্নান বলেন, “আব্দুর রহমান নামের একজনের বিরুদ্ধে ব্যবসায়ীরা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলেন। আগেও তারা এমন মানববন্ধন করেছেন। আজকের মানববন্ধনের সময় আশপাশে পুলিশও ছিল। হঠাৎ অতর্কিতভাবে কয়েকজন এসে তাদের ব্যানার কেড়ে নিতে চেষ্টা করেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ঘটে। পরবর্তীতে পাল্টাপাল্টি ধাওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”








































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































