১৫ এপ্রিল ২০২৫, দেশের বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি পেয়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা বেড়ে এখন থেকে ১৮৯ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ১৭৫ টাকা। এ ছাড়া পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা পূর্বে ছিল ৮৫২ টাকা।
অন্যদিকে, খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৫৭ টাকা থেকে বেড়ে ১৬৯ টাকা এবং খোলা পাম তেলের দামও একই হারে বৃদ্ধি পেয়ে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারে ১২ টাকা বেড়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে ভোজ্যতেল ব্যবসায়ীদের বৈঠকের পর এই নতুন দাম ঘোষণা করা হয়। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দাম আগামী ১৩ এপ্রিল থেকে কার্যকর হবে।
সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোজ্যতেলের বাজারমূল্য স্থিতিশীল রাখতে সরকার পূর্বে আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছিল। কিন্তু গত ৩১ মার্চ এই ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় পুনরায় ১৫ শতাংশ ভ্যাট আরোপিত হয়েছে। ফলে ভ্যাট সমন্বয়ের পর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৯৮ টাকা হওয়ার কথা ছিল। তবে ভোক্তাদের স্বার্থ বিবেচনায় ৮ শতাংশ হারে দাম সমন্বয় করে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল।


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































