ঢাকা, ১৪ এপ্রিল ২০২৫: ভারতের বাংলাদেশি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তকে সুযোগ হিসেবে কাজে লাগাতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর বিমানবন্দরের কার্গো হ্যান্ডেলিং সক্ষমতা বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিনিয়োগ উন্নয়ন বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল ও স্বনির্ভর করা হবে।
গত রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চার দিনের বিনিয়োগ সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আশুলিয়ায় উৎপাদিত একটি পন্য ঢাকা বিমানবন্দর থেকে এয়ার কার্গোর মাধ্যমে পর্তুগালে পাঠাতে যে খরচ হয়, গাজীপুর থেকে ট্রাকে করে দিল্লি নিয়ে সেখান থেকে পর্তুগালে পাঠালে তার চেয়ে কম খরচ হয়। এই খরচের ব্যবধান কমাতে আমাদের কাজ করতে হবে। তিনি আরও জানান, পণ্য রপ্তানির খরচ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতামূলক করার নির্দেশনা দেওয়া হয়েছে, যা পোশাক, চামড়া ও অন্যান্য রপ্তানি খাতের বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াবে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বেজা ও বিডার গভর্নিং বডির সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আশিক চৌধুরী জানান, ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য নিজস্ব লজিস্টিক অবকাঠামো উন্নয়নের একটি বড় সুযোগ। বিমানবন্দরগুলোতে আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবলের ব্যবহার নিশ্চিত করা হবে। বিশেষ করে ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ দ্রুত শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। এসব পদক্ষেপ ভারতের উপর নির্ভরতা কমিয়ে রপ্তানি বাণিজ্যকে আরও শক্তিশালী করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিডার বাণিজ্য উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































