স্পেনের রাজধানী মাদ্রিদের কাছে বুধবার (২৮ অক্টোবর) সকালে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার পর মাদ্রিদ, সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
দেশটির রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা এডিআইএফ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে তোলেদো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, দুটি ট্রেনের পেছন থেকে সংঘর্ষের পর মাদ্রিদ-আন্দালুসিয়া দ্রুতগতির রেলপথে চলাচল স্থগিত করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রিদ-আন্দালুসিয়া দ্রুতগতির রেলপথে দক্ষিণমুখী রাষ্ট্রায়ত্ত রেল সংস্থা রেনফের একটি এভিই ট্রেন দাঁড়িয়ে থাকা ইরিওর একটি ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় কয়েকটি বগি ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়ে।
কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের মুখপাত্র এস্তের পাদিয়া জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তিনি বলেন, রেনফের ট্রেনটিতে ৩৯৭ জন এবং ইরিওর ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন।
ইতালির মালিকানাধীন রেল কোম্পানি ইরিও এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিরাপত্তাব্যবস্থা সক্রিয় করেছে এবং কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
ভয়াবহ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। দেশটির দ্রুতগতির রেল নেটওয়ার্কে চলতি বছরে দ্বিতীয়বারের মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটায় তিনি ‘মর্মাহত’ হয়েছেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার দাবি
এক্সে দেওয়া এক পোস্টে সানচেজ বলেন, ‘তোলেদোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। পরিবহনমন্ত্রী ও কাস্তিয়া-লা মাঞ্চার প্রেসিডেন্টের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রাখছি। ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।’
চলতি বছর স্পেনের দ্রুতগতির রেল নেটওয়ার্কে এটি দ্বিতীয় বড় ধরনের রেল দুর্ঘটনা। এর আগে জানুয়ারিতে আদামুজে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার পর আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে ৪৫ জন নিহত হন।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































